দ্বিতীয় সভাতে স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব নিযুক্ত নির্বাচিত বোর্ড। সভাপতি তামিম ইকবাল দুইটি বিভাগ নিজের কাছে রেখেছেন। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। সেক্ষেত্রে সভাপতি হিসেবে তামিমই এই বিভাগের দায়িত্বে। ফলে ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগও তামিমের অধীনে থাকবে।
২৪ বোর্ড পরিচালকদের নিয়ে মঙ্গলবার বোর্ড সভায় বসেছিলেন তামিম। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত পদত্যাগ করেছেন। তার পদত্যাগ অনুমোদন করেছে বোর্ড।
তামিমের মতো দুইটি করে কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিনহা। গ্রাউন্ডস কমিটির পাশাপাশি হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্বে থাকবেন শানিয়ান। সিকিউরিটি কমিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির প্রধানের দায়িত্ব থাকবে সাঈদ ইব্রাহিমের কাঁধে।
গেম ডেভেলপমেন্টের পাশাপাশি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ফাহিম সিনহা। ফাইন্যান্স কমিটিতে রয়েছেন ইসরাফিল খসরু, টুর্নামেন্ট কমিটিতে সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মেডিকেল কমিটিতে মাহবুব শামীম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে আসিফ রব্বানী, অডিট কমিটিতে সাইদ বিন জামান সৌরভ, লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটিতে ইয়াসির ফয়সাল, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসে (সিসিডিএম) মঈন উদ্দিন চৌধুরি, উইমেন্স উইংয়ে রফিকুল ইসলাম বাবু, আম্পায়ার কমিটিতে মির্জা ইয়াসির আব্বাস, ফিজিকাল চ্যালেঞ্জড কমিটিতে এসএম আব্দুল্লাহ আল ফুয়াদকে চেয়ারম্যান করা হয়েছে।
বোর্ড স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের বাজেট ও ব্যয় অনুমোদন করেছে। স্টেডিয়ামে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণ এবং জিমনেশিয়াম সুবিধা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় অনুমোদন করা হয়েছে। এছাড়া, সাধারণ গ্যালারির দর্শকদের সুবিধা বৃদ্ধির জন্য স্টেডিয়ামের জেনারেল গ্যালারিতে ছাউনি (শেড স্ট্রাকচার) স্থাপন এবং টয়লেট সুবিধার সংস্কারের বাজেটও অনুমোদন পেয়েছে।
জাতীয় দলের যাতায়াত সুবিধা উন্নত করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি নতুন টিম বাস কেনার সিদ্ধান্তও অনুমোদন করেছে বোর্ড।
অন্যদিকে, খেলোয়াড়দের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিং রুম, প্লেয়ার্স ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন করা হয়েছে।
বিসিবির এই উদ্যোগগুলো দেশের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর সুযোগ-সুবিধা আরও উন্নত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।