জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, “সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।”
মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “এরই মধ্যে বলেছি, প্রশাসক পদে বসে তারা মেয়র নির্বাচন করতে পারবেন না। তবুও তারা ভোট চাচ্ছেন। সরকারি লোগো ব্যবহার করে পোস্টারিং করছেন। সরকারি লোগো ব্যবহার করে রাজধানীতে মেয়র পদে প্রচারণা চালাচ্ছেন দুই সিটি প্রশাসক। দুই সিটির প্রশাসককে পদত্যাগ করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হবে।”
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে সরকারের একটি পক্ষ বিরোধিতা করছে, আরেক উপদেষ্টা বলছেন, শর্ত মেনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। আমি মনে করি, সরকার নিজেই আওয়ামী লীগকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে। আওয়ামী লীগের একটি পক্ষ সরকারে আছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।”
এনসিপির মুখপাত্র বলেন, “এনসিপির পক্ষ থেকে ৫ দাবি দেওয়া হয়েছে। তারা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।”
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “জোটগতভাবে নির্বাচনে যাব কি না তা তফসিলের পর দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”