চীনের ইউনান প্রদেশের উদ্দেশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবে।
বুধবার (১০ জুন) চাইনিজ ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইটে দুপুরে দলটি কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রতিনিধিদল ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনেও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের ‘থিম কান্ট্রি’ বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্য প্যাভিলিয়ন এতে অংশ নেবে। বাণিজ্যমন্ত্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
দুই দিনব্যাপী সফরে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর এবং চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবে।
সফরের শেষ দিনে ডেপুটি স্পিকার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) ও ইউনান ন্যাশনাল টিভিকে দুটি বিশেষ সাক্ষাৎকার দেবেন।
আগামী ১৩ জুন সংসদীয় দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।