সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দ্রুত বিচার আইনের একটি মামলায় বুধবার (১০ জুন) সুনামগঞ্জের আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। বিচারক নুরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কামাল হোসেন এ তথ্য জানান।
এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তার ব্যক্তিগত সহকারী ছিলেন। তাদের দুজনের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। হাসনাত আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা হয়। ওই ঘটনায় আহত জহুর আহমদ নামে এক ব্যক্তির ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় হাসনাত হোসাইনও আসামি। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরো ২৫০ থেকে ৩০০ জন।