বিনোদন

এবারো আর্জেন্টিনার ঘরেই বিশ্বকাপ যাবে: জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান ফুটবলপ্রেমীদের কাছে নতুন কিছু নন। অভিনয়ের ব্যস্ততার বাইরে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি তার দীর্ঘদিনের ভালোবাসা প্রায়ই আলোচনায় আসে। বিশ্বকাপ ঘনিয়ে আসতেই আবারও সেই ভালোবাসা ও প্রত্যাশার কথা জানালেন এই অভিনেতা।

আর্জেন্টিনার প্রতি নিজের অবস্থান জানাতে গিয়ে জায়েদ খান বলেন, বিশ্বকাপের ট্রফি আবারও নাকি লিওনেল মেসির হাতেই উঠবে; এটাই তার বিশ্বাস। তার ভাষায়, “বিশ্বকাপ এবারও আর্জেন্টিনার ঘরেই যাবে বলে বিশ্বাস করি। ছোটবেলা থেকেই আমি ডিয়েগো মারাদোনার ভক্ত, আর এখন লিওনেল মেসির ভক্ত। তাই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন কখনো কমেনি।”

তার ফুটবল-ভালোবাসার শুরুটা অনেক পুরোনো। শৈশবের স্মৃতিতে এখনো স্পষ্ট মারাদোনার খেলা ও ব্যক্তিত্বের প্রভাব। সেই সময় থেকেই আর্জেন্টিনা তার কাছে শুধু একটি দল নয়, বরং আবেগের নাম হয়ে ওঠে।

সময়ের সঙ্গে ফুটবলের তারকা বদলেছে, বিশ্বকাপের রং বদলেছে, কিন্তু জায়েদ খানের সমর্থনে কোনো পরিবর্তন আসেনি। তার কাছে আর্জেন্টিনা মানে এখনো একই আবেগ, একই উত্তেজনা।

তিনি বলেন, “আর্জেন্টিনা নিয়ে কথা বলতে গেলে তার অনুভূতিও আলাদা হয়ে যায়। বিশেষ করে মেসির নেতৃত্বে সাম্প্রতিক সময়ের সাফল্য তাকে আরো বেশি উচ্ছ্বসিত করেছে।” জায়েদ খান মনে করেন, এই দল এখন অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর দলগত সমন্বয়ে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ইউনিট।

ফুটবলকে জায়েদ খান বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে দেখেন। জায়েদ খানের মতে, “ফুটবল এমন একটি খেলা, যা বিশ্বের কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। আমি সব সময় সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখতে চাই। তবে সমর্থক হিসেবে আমার হৃদয় সব সময় আর্জেন্টিনার পক্ষেই থাকবে।”

সবশেষে সমর্থকদের উদ্দেশে তিনি জানান, ফুটবলের সৌন্দর্য উপভোগ করাই আসল বিষয়। দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু খেলা মানুষকে একত্রিত করে। তবু নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আবারও বলেন;  তিনি আর্জেন্টিনার সমর্থক হিসেবেই ছিলেন, আছেন এবং থাকবেন।