সারা বাংলা

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকালে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের উত্তর রায়ভোগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নুপুর বেগম (৩৫) ও তার দুই বছরের ছেলে শাহদাত হোসেন। পুলিশ মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহত নুপুর বেগম একই গ্রামের মো. মিরাজের স্ত্রী। 

বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মুহাম্মদ আছফা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, মঙ্গলবার ভোররাতে ঝড়ে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে পুকুর পড়ে যায়। কিন্তু তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি মিরাজের পরিবার ও প্রতিবেশীরা কেউ টের পায়নি। 

বুধবার বিকালে পল্লী বিদ্যুৎ সমিতি লাইনে সমস্যার খোঁজ পেয়ে লাইন মেরামতের জন্য ওই বাড়িতে যান। সেখানে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তার টেনে তোলার সময় নুপুর ও তার ছেলের মরদেহ উঠে আসে। 

ঢলুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, ঝড়ে তার ছিঁড়ে পুকুরে পড়ে থাকার পর মা ও ছেলে গোসল করতে নেমে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। 

এ বিষয় জানতে চাইলে পটুযাখালী পল্লী বিদ্যুত সমিতির বরগুনা জোনাল অফিসের এজিএম মুহাম্মদ আছফা উদ্দিন বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন শেষে যদি পল্লী বিদ্যুৎ সমিতির কোনো গাফিলতি থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বাকিটা তদন্ত শেষে বলা যাবে।