যশোরের অভয়নগর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে চায়নিজ রাইফেলের সাত রাউন্ড গুলি ও একটি চার্জার পেয়েছে দুই শিশু। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের মোস্তফা মোল্লার পুকুর থেকে এসব বস্তু উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিজেদের হেফাজতে নিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, বুধবার বিকেলে একই গ্রামের মোক্তাদির মোল্লা (৮) এবং ওয়াজেদ মোল্লা (১১) পুকুরে গোসল করছিল। একপর্যায়ে শিশু মোক্তাদির পায়ের নিচে শক্ত কোনো বস্তুর অস্তিত্ব টের পায়। কৌতূহলবশত সে পানিতে ডুব দিয়ে বস্তুগুলো উপরে তুলে আনে। পরে পরিবারের লোকজন বস্তুগুলো অস্ত্রের চার্জার এবং গুলি বলে সন্দেহ করেন ও পুলিশকে খবর দেন।
সোনাতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন ঘটনাস্থল গিয়ে চায়নিজ রাইফেলের চার্জারসহ সাত রাউন্ড গুলি জব্দ করেন।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গুলি ও চার্জারটি কোথা থেকে এবং কিভাবে পুকুরে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।