বিনোদন

সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

প্রায় তিন দশক পর আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু। মামলার তদন্তের অংশ হিসেবে তার মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

তবে আদালতের এই নির্দেশে সন্তুষ্ট নন সালমান শাহর মা নীলা চৌধুরী। তার মতে, দীর্ঘদিন ধরে চলা এই মামলায় নতুন করে লাশ উত্তোলনের সিদ্ধান্তের তেমন কোনো যৌক্তিকতা নেই। 

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, “দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করা হয়েছিল, সেখানে ডাক্তার, পুলিশ ও সাংবাদিকরা সবাই দেখেছেন মরদেহের অবস্থা স্বাভাবিক ছিল। অথচ প্রতিবেদনে বলা হয়েছে বডি ডিকম্পোজড ছিল। এখান থেকেই তো বোঝা যায় কোথাও গড়মিল আছে। এখন আবার এসব প্রহসন কেন? এর কোনো মানে হয় না।” 

মামলার তদন্তের বিভিন্ন পর্যায়ে অনিয়ম হয়েছে এবং নানা চাপের কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে বলেও অভিযোগ নীলা চৌধুরীর।

পূর্বে লাশ উত্তোলনের বিষয়টি উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, “প্রথমে পুলিশ কিছুই করেনি। পরে মামলাটি সিআইডির কাছে যায়। আমরা তখন আশাবাদী হয়েছিলাম। দুবার লাশ উত্তোলন করা হয়েছে, দ্বিতীয়বারও সবকিছু পরিষ্কার ছিল। এরপরও কেন বারবার একই প্রক্রিয়া, সেটা আমার বোধগম্য নয়।”

তদন্ত সংশ্লিষ্টদের বিষয়টি সামনে এনে নীলা চৌধুরী বলেন, “তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কিছু চিকিৎসকও বিভিন্ন সময় চাপের মুখে দায়িত্ব পালন করেছেন বলে তথ্য পেয়েছি।” তবে আদালতের নির্দেশের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “আমি আইনের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটাই মেনে চলব। এখন দেখব পরবর্তী সময়ে কী হয়।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে সময় ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হলেও পরবর্তীতে এটি হত্যা মামলায় রূপ নেয়। দীর্ঘ ৩০ বছর ধরে আলোচিত এই মৃত্যুরহস্য ঘিরে নতুন করে আদালতের নির্দেশ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সেই বিতর্কের মীমাংসা হবে কি না, সেটিই এখন দেখার বিষয়!