গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে মাটির ঘরের মেঝে লেপতে গিয়ে ফ্রিজের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান বানু (৫০) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত চান বানু একই গ্রামের মদন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, নিজ মাওনা এলাকার জালাল উদ্দিনের বাড়িতে মাটির ঘরের মেঝে লেপছিলেন চান বানু। একপর্যায়ে ঘরে থাকা একটি ফ্রিজের নিচের অংশে হাত লাগতেই তিনি বিদ্যুতায়িত হন। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। জালালের পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা ধারণা করছেন, ফ্রিজে বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে গৃহস্থালির কাজ করে সংসার চালাতেন চান বানু। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতির নিরাপত্তা ও নিয়মিত তদারকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসাইন বলেছেন, “আমি ঘটনাস্থলে আছি। বক্তব্য প্রয়োজন হলে ঘটনাস্থলে এসে নিতে হবে। এখন আমি তদন্তের কাজে ব্যস্ত আছি।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।