র্যাপার ও গায়ক বাদশাহকে বিয়ের কথা স্বীকার করেছেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছিল, অবশেষে সেই গুঞ্জনের অবসান হলো।
সম্প্রতি ইশা ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানে বার বার তার ব্যক্তিগত জীবন ও বিয়ের বিষয়ে জানতে চাওয়া হয়। এর আগে বাদশাহ ইনস্টাগ্রামে এক রহস্যময় নারীর সঙ্গে কিছু রোমান্টিক ছবি পোস্ট করলে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, ওই নারী ইশা রিখি হতে পারেন। তবে এতদিন কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
ইশা সেই প্রশ্নোত্তর পর্বে ভক্তদের প্রশ্ন শেয়ার করে লেখেন, তাকে বার বার জিজ্ঞাসা করা হচ্ছে ‘আপনি কি বিয়ে করেছেন?’, ‘আপনি কি বাদশাহকে বিয়ে করেছেন?’, ‘আপনারা একে অপরকে ফলো করেন না কেন?’, ‘একসঙ্গে ছবি পোস্ট করেন না কেন?’ সব প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে জানান, “হ্যাঁ, আমি বিয়ে করেছি।”
সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো না করা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি মজার ছলে বলেন, “এই বিষয়ে আমার স্বামীই ভালো বলতে পারবে। দর্শক জানতে চায়, বাদশাহ, তুমি একটু ব্যাখ্যা দাও।”
এক ভক্ত যখন জানতে চান, তিনি কেন স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন না? তখন ইশা বাদশাহর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় ইশা বাদশাহর কোলে বসে আছেন এবং বাদশাহ তাকে জড়িয়ে আছেন।
দীর্ঘদিন ধরেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। গত ২৪ মার্চ ইশার মা পূনম রিখি ইনস্টাগ্রামে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন, যেগুলো তাদের বিয়ের অনুষ্ঠান বলে মনে করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে জল্পনা আরো বেড়ে যায়।
তবে, এতদিন পর্যন্ত ইশা ও বাদশাহ কেউই বিষয়টি প্রকাশ্যে আনেননি। তারা নিজেদের সম্পর্কও বেশ গোপন রেখেছিলেন।
ইশা এখন বিয়ের বিষয়টি স্বীকার করলেও বাদশাহ এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্টে লিখেছেন, “এই বিশ্বব্রহ্মাণ্ড এক অদ্ভুত উপায়ে জীবনে মানুষকে এনে দেয়।”
ইশা রিখি ২০১৩ সালে পাঞ্জাবি সিনেমা ‘জাট বয়েজ পুট জাট্টান দে’ দিয়ে অভিনয় শুরু করেন। এরপর তিনি ‘হ্যাপি গো লাকি’, ‘মেরে ইয়ার কামিনে’, ‘হোয়াট দ্য জাট’ এবং ‘আরদাস’ সিনেমায় কাজ করেন। তিনি বলিউড সিনেমা ‘নবাবজাদে’তেও অভিনয় করেছেন।
অন্যদিকে, বাদশাহ এর আগে জেসমিন মাসিহের সঙ্গে বিবাহিত ছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হয় এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরে ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়।