অর্থনীতি

পুরনো বাস প্রত্যাহার করে ইলেক্ট্রিক বাস চালু: অর্থমন্ত্রী

বহু পুরনো বাস পর্যায়ক্রমে প্রত্যাহার করে ইলেক্ট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা জানান। 

তি‌নি ব‌লেন, বহু বছরের পুরোনো বাসগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করে ইলেক্ট্রিক বাস দিয়ে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া নারীবান্ধব ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে। অধিকন্তু সম্পূর্ণ বিদ্যুৎচালিত মেট্রোরেল ও বাস ব্যবস্থার মাধ্যমে বায়ু ও শব্দ দূষণ হ্রাস পাবে, যা পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। 

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে একটি সমন্বিত, নিরাপদ ও ভবিষ্যৎমুখী নগর পরিবহন নেটওয়ার্ক গড়ে উঠবে এবং ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে জানান অর্থমন্ত্রী।