সরকার আগামী ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সঞ্চালন লাইন ২৫ হাজার সার্কিট কিলোমিটারে সম্প্রসারণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও আধুনিক, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে।
অর্থমন্ত্রী আরো জানান, ইতোমধ্যে একটি চুল্লিতে ফুয়েল রড প্রবেশ করানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের আগস্ট নাগাদ ওই প্রকল্প থেকে ৩০০ মেগাওয়াট এবং ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সরকারের এ মহাপরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জন, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।