ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়। হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে ঢাবিতে বিনামূল্যে রুশ ভাষা কোর্স চালু এবং ভাষা শিক্ষার কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলৈাচনা করে তারা।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভাষা ও সংস্কৃতিভিত্তিক যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক দল বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করবে।

এছাড়া, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে তিন মাসব্যাপী একটি বিনামূল্যের রুশ ভাষা কোর্স চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বর্তমানে পরিচালিত রুশ ভাষা শিক্ষার কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

এ সময় রাশিয়া দূতাবাসের সাংস্কৃতিক কার্যক্রম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ এবং সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।