বিনোদন

নায়িকা থেকে খলনায়িকা শাবানা আজমি

নায়িকা হিসেবে রুপালি পর্দায় পা রেখে অসংখ্য ভক্তের চোখের ঘুম কেড়ে নেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন ৫২ বসন্ত। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো খল চরিত্রে দেখা যাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে। 

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিতিন কাক্কর নির্মাণ করছেন ‘আওয়ারাপান টু’। এ সিনেমায় নাফিসা চরিত্রে দেখা যাবে পঁচাত্তরের শাবানা আজমিকে। প্রথমবারের মতো তাকে নেতিবাচক চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। 

খবরটি জানিয়ে সিনেমাটির প্রযোজক বিশেষ ভাট ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বরেণ্য অভিনেত্রী শাবানা আজমিজিকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো খলনায়িকার চরিত্র রূপায়ন করছেন তিনি। তার অতুলনীয় প্রভাব ও উপস্থিতি গল্পটিকে সম্পূর্ণ নতুন রূপ দেবে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।”

২০০৭ সালে মুক্তি পায় ‘আওয়ারাপান’ সিনেমা। এটি নির্মাণ করেন মুহিত সুরি। দীর্ঘ ১৯ বছর পর সিনেমাটির সিক্যুয়েল নির্মিত হয়েছে। মূলভাব ঠিক রেখে বড় পরিসরে তৈরি হয়েছে ‘আওয়ারাপান টু’ সিনেমা। ভারতের রাজস্থান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। পূর্বের মতো দ্বিতীয় পার্টে শিবম চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। 

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ‘পরিণয়’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন শাবানা আজমি। ভারতীয় নতুন ধারার চলচ্চিত্রে তার নামটি অনন্য। স্মিতা পাতিল, ওম পুরি ও নাসিরুদ্দিন শাহদের সঙ্গে মিলে উপহার দিয়েছেন অনবদ্য সব সিনেমা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘অঙ্কুর’, ‘নিশাত’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘মাসুম’ প্রভৃতি।