মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ইরান ‘আরো শক্তিশালী’ মার্কিন সামরিক হামলার সম্মুখীন হবে। বৃহস্পতিবার (১১ জুন) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুমকি দিয়েছেন।
ফক্স নিউজের সঙ্গে কথা বলার কিছুক্ষণ আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছিলেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানে ‘খুব কঠিন’ আঘাত হানবে।
পরে তিনি ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে বলেন, “হ্যাঁ, আজ রাতে আরো বোমা হামলা হবে।” বোমাগুলো ‘আরো বড়, আরো শক্তিশালী’ হবে বলেও জানান তিনি।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরো এক দফা সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। একই পোস্টে ট্রাম্প খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ারও হুমকি দেন, যেখান থেকে ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়।
ইরানের সামরিক স্থাপনাগুলোতে একাধিক মার্কিন বিমান হামলার পর এই সর্বশেষ হুমকি দিলেন ট্রাম্প।