অর্থনীতি

মসলা আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে শিশুখাদ্য তৈরির কাঁচামাল, বিভিন্ন ধরনের মসলা ও খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে।

এর ফলে দেশের বাজারে শিশুখাদ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের জন্য এ পণ্য আরো সহজলভ্য হবে বলে আশা করছে সরকার।

এছাড়া দৈনন্দিন রান্নায় ব্যবহৃত বিভিন্ন ধরনের মসলার ওপর আরোপিত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়, জনসাধারণের খাদ্য তালিকায় মসলার ব্যাপক ব্যবহার বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মসলার বাজারমূল্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

একই সঙ্গে খেজুর আমদানির ক্ষেত্রেও ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারের আশা, এ উদ্যোগের ফলে খেজুরের দাম কিছুটা কমবে এবং ভোক্তারা তুলনামূলক কম দামে পণ্যটি কিনতে পারবেন।

ভোগ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমদানি পর্যায়ে শুল্ক কাঠামোয় এ পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ৫৫তম এই বাজেট বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।