মাদারীপুরের কালকিনিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার গোপালপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ইয়েস পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।