সারা বাংলা

ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ জুন) সকালে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত মজমুল হক (১৯) রংপুরের গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মধ্যপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে।

ওসি মো. নাসির খান জানিয়েছেন, রাতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদে করে আসার সময় কোনো রেল ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।