খেলাধুলা

১৬ বছর পর ঢাকা লিগের শিরোপা মোহামেডানের

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের আগের বছরের চ‌্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৬৩ রানে হারিয়ে মোহামেডান চ‌্যাম্পিয়ন হয়। তবে শুধু জিতলেই তাদের হতো না।

আরেক ম‌্যাচে প্রাইম ব‌্যাংক যদি জিতে যেত তাহলে মোহামেডানের শিরোপা ছোঁয়া হতো না। কারণ দুই দলের পয়েন্ট সমান হতো। তখন হেড টু হেড লড়াইয়ে মোহামেডানকে টপকে প্রাইম ব‌্যাংক পেত শিরোপা। তেমন কিছু হলো না। বৃষ্টি পণ্ড করেছে দুই মাঠের দুই লড়াই।

মোহামেডান আবাহনীকে হারানোর পরপরই জানতে পারে প্রাইম ব‌্যাংক ঢাকা লেপার্ডসের কাছে ৯ রানে হেরেছে। তাতে ঐতিহ্যবাহী দলটির কাজ সহজ হয়ে যায়। এতে দীর্ঘ ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল মোহামেডান। দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ২০০৯-১০ মৌসুমের পর এটিই মোহামেডানের প্রথম শিরোপা। টুর্নামেন্টটি লিস্ট 'এ' স্বীকৃত পাওয়ার এই প্রথম শিরোপা ঘরে তুলল সাদা-কালো শিবির। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে এটি তাদের দশম শিরোপা।

শুক্রবার বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী লিমিটেডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ৪০৬ রান করে মোহামেডান। আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তুলে ভালোই জবাব দেয়। কিন্তু বৃষ্টির বাগড়ার পর তারা ৬৩ রানে পিছিয়ে ছিল।

পাশের মাঠে প্রাইম ব‌্যাংক আগে ব‌্যাটিং করে ৮ উইকেটে ২৬৬ রান করে। ঢাকা লেপার্ডস ২৯.১ ওভারে ৩ উইকেটে ১৪২ রান তুলে নেয়। এরপর বৃষ্টির বাধা। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর আম্পায়াররা ম্যাচ ডাক ওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ফয়সালা করেন। মাত্র ৯ রানে এগিয়ে থেকে ঢাকা লেপার্ডস ম্যাচ জিতে নেয়।

১১ ম্যাচে ৯ জয়ে মোহামেডানের পয়েন্ট ১৮। সমান ম্যাচে আবাহনী ও প্রাইম ব্যাংকের সমান ৮ জয়ে পয়েন্ট ১৬। রান রেটে এগিয়ে আবাহনী রানার্সআপ। প্রাইম ব্যাংক তৃতীয়।

মোহামেডানের জয়ের নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি ব‌্যাটসম‌্যান ১০ চার ও ১২ ছক্কায় ১১৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে আউট হন। তার সঙ্গী এনামুল হক বিজয়ও সেঞ্চুরি পেয়েছেন। ১১ চার ও ৯ ছক্কায় ১১৫ বলে ১৪১ রান করেন। দুজন ২৪২ রানের জুটি গড়েন যা দেশের লিস্ট 'এ' ইতিহাসে দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। তাদের সেঞ্চুরির পর আফিফ হোসেন ধ্রুবর ৩৩ বলে ৬১ রানের ইনিংসে মোহামেডানের রান চারশ ছাড়িয়ে যায়।

জবাব দিতে নেমে অনিক সরকারের ৮৫ রানে আবাহনী লড়াইয়ে ছিল। কিন্তু বাকিরা ভালো করেননি। এরপর বৃষ্টি ম‌্যাচের আমেজ নষ্ট করে দেয়।

এদিকে ঢাকা লেপার্ডসের হয়ে ৫ উইকেট নেন আল ফাহাদ। প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার। আগে ব‌্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৬ রান করে প্রাইম। আজিজুল হাকিম ৭১, রায়ান রাফসান ৫৭ ও আকবর আলী ৫১ রান করেন। জবাবে জাওয়াদ আবরারের ৫৩, ইফতেখার হোসেনের ৪১ ও মুমিনুল হকের ৩৩ রানে লড়াইয়ে ছিল লেপার্ডস। কিন্তু বেরসিক বৃষ্টি সব আয়োজনে জল ঢেলে দেয়। প্রাইমের ভাগ‌্য মিশে যায় পানিতে।  

এদিকে ঢাকা লিগে অবনমন হয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের। শেষ ম‌্যাচে জয় পেয়ে টিকে গেছে রূপগঞ্জ টাইগার্স। প্রথম বিভাগ থেকে আগামী বছরের প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে বসুন্ধরা রাইডার্স ও ঢাকা ইউনাইটেড।