সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক প্রতিরোধ ও কঠোর অবস্থানের মুখে এ চেষ্টা ব্যর্থ হয়। পরে প্রায় দুই ঘণ্টা শূন্য লাইনে অবস্থানের পর বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটে।  ওই দলে দুজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপির কাছে ভারতের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৫ জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নিয়ে বাধা দেয়। বাধার কারণে ভারতের ভেতরেই শূন্য লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় তারা। পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্তসংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।” 

বর্তমানে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সার্বক্ষণিক টহল অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে তিনি।