শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বের মতো বাংলাদেশেও লেগেছে ফুটবল উন্মাদনার ছোঁয়া। ব্রাজিল ও আর্জেন্টিনা দলকে ভালোবেসে বিভিন্ন আয়োজনে নিজেদের সমর্থন জানান দিচ্ছেন ভক্ত-সমর্থকরা। পছন্দের দলের পতাকা উড়ানোর হিড়িক পড়েছ। প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে কত বড় পতাকা তৈরি করল তা নিয়েও।
এবার সেই উন্মাদনায় ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে তাক লাগিয়েছে পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা। শুক্রবার (১২ জুন) বিকেলে সেই পতাকা নিয়ে মিছিল করে গ্রামের রাস্তায় টাঙিয়ে দেন তারা।
সমর্থকদের দাবি, ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের এই আর্জেন্টাইন পতাকা এখন পর্যন্ত শুধু পাবনা জেলার মধ্যে নয়, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়। এই পতাকা দেখতে বালুদিয়ার গ্রামে আর্জেন্টাইন ভক্তরা ভিড় জমাচ্ছেন।
জানা গেছে, বালুদিয়ার গ্রামের রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেন নামে তিন যুবক ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে পরিকল্পনা করেন আর্জেন্টাইন ভক্ত ও বিশ্বকে চমকে দেওয়ার মতো কিছু একটা করবেন। সেই পরিকল্পনা মাফিক তারা সিদ্ধান্ত নেন আর্জেন্টিনা ফুটবল দলের ২০২২ সালের বিশ্বকাপ জয়ের মূহূর্তকে স্মরণীয় করতে এবং মেসিদের উৎসাহ জোগাতে ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের পতাকা বানানোর।
গ্রামের সন্তানদের এমন পরিকল্পনার ভিত গড়তে বালুদিয়ার গ্রামের আর্জেন্টাইন ভক্ত শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী, কৃষক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ আর্থিক সহযোগিতা করেন। এরপর শুরু হয় পতাকা তৈরির কাজ। ১০ দিন ধরে চলে পতাকা তৈরি। এরপর পাতাকার ওপর চলে আর্জেন্টিনা দলের লোগো বসানোর কাজ।
গ্রামের সড়কের পাশে আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে দেন এলাকাবাসী
বিশালাকৃতির এই পতাকা তৈরিতে ব্যয় হয় প্রায় ৫০ হাজার টাকা। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বালুদিয়ার গ্রাম জুড়ে ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যরে পতাকাটি টাঙানো হয়।
রাসেল মাহমুদ, ফরিদ হোসেন, সেলিম হোসেন এবং আলামিন হোসেন জানান, ছোটবেলা থেকেই তারা মেসির খেলা দেখছেন। সেই থেকেই আর্জেন্টিনা দলের ভক্ত। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে মেসির নের্তৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা দল। সুদূর বাংলাদেশ থেকে আর্জেন্টিনা দলকে এবারের বিশ্বকাপে উৎসাহ জোগাতে এতো বড় পতাকা বানানোর পরিকল্পনা নেওয়া হয়। তারা চান, মেসির শেষ বিশ্বকাপে সোনালী ট্রফিটা যেন তার হাতেই ওঠে।
সিদ্দিকুর রহমান ও মহরম আলী জানান, আর্জেন্টিনাকে ভালোবেসে এত বড় পতাকা তৈরি করিয়েছেন। এবারো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এমনটি প্রত্যাশা তাদের।
ব্রাজিলের জন্য শুভকামনা জানিয়ে আর্জেন্টিনা দলের এই দুই সমর্থক প্রত্যাশা করেন, ব্রাজিল-আর্জেন্টিনা তাদের নান্দনিকতা ফুটবল উপহার দিয়ে ফাইনালে উঠবে।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, “আর্জেন্টিনার ভক্তদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি নিজেও আর্জেন্টিনার সমর্থক। আশা করি, সমর্থকদের এমন উন্মাদনায় যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়।”