ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মানেই খেলার পাশাপাশি তারকাদের বর্ণিল উপস্থিতি। এবারের আসরেও দর্শকদের নজর কাড়লেন মার্কিন পপ তারকা কেটি পেরি, যার পরিবেশনা যোগ করেছে ভিন্ন মাত্রা।
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবারো জমকালো আয়োজনে মুগ্ধ করলেন মার্কিন পপ তারকা কেটি পেরি। ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।
বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনকে ঘিরে ছিল তারকাদের মিলনমেলা। কেটি পেরির পাশাপাশি মঞ্চে ছিলেন ফিউচার, টাইলা, লিসা, অনিতা ও রেমার মতো আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। তবে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেন কেটিই।
অনুষ্ঠানে নিজের ‘ওয়ান্ডার’ গানটি পরিবেশন করেন এই পপ তারকা। বিশেষ এই পরিবেশনায় তার সঙ্গে ছিলেন নরওয়ের তরুণ শিল্পী টিয়াস, যার কণ্ঠ গানটির মূল সংস্করণেও ব্যবহৃত হয়েছিল। বিশ্বকাপের মঞ্চে এটিই ছিল গানটির প্রথম লাইভ পরিবেশনা।
রুপালি ঝলমলে পোশাকে মঞ্চে ওঠা কেটি পেরির উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি তার পরিবেশনাও পেয়েছে দর্শকদের উচ্ছ্বসিত সাড়া। ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত, আলো আর পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বিশ্বকাপের মাঠে খেলা শুরুর আগেই কেটি পেরির পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। ফলে ফুটবলের উন্মাদনার পাশাপাশি বিনোদন অঙ্গনেও জায়গা করে নেয় এই আয়োজন।