সারা বাংলা

নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করে থাকেন তারা। এই উন্মাদনারই বহিঃপ্রকাশ ঘটেছে নাটোরে। ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।

শনিবার (১৩ জুন) সকালে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় অবস্থিত নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। নাটোর জেলা ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। 

সমর্থকরা ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।  অনেকেই মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ব্রাজিলের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। পরে শোভাযাত্রাটি পটুয়াপাড়া এলাকায় নাটোর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। 

নাটোর জেলা ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের নেতারা আব্দুল হাকিম জানান, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া এবং ব্রাজিল সমর্থকদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। 

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক মো. রাজিবুল হাসান বলেন, “ছোটবেলা থেকেই ব্রাজিল দলের সমর্থক। বিশ্বকাপ এলেই অন্যরকম অনুভূতি কাজ করে। আজকের এই শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমরা আশা করি, এবারের বিশ্বকাপেও ব্রাজিল ভালো খেলবে এবং শিরোপা জিতবে।”

আরেক সমর্থক প্রান্তি রাজ ব্যানার্জি বলেন, “নাটোরে এত বিপুল সংখ্যক ব্রাজিল সমর্থকের উপস্থিতি সত্যিই আনন্দের। এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”