নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। মামলায় ছাত্রলীগ কর্মী মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ৩৫ জনকে আসামি করা হয়েছে। পরে আটক ছয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী মাসুদ রানা ও মাজহারুল ইসলাম, যুবলীগ কর্মী শাহজাহান খান, আতাউর রহমান ও হযরত আলী।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি রায়হান মিছিলে নেতৃত্ব দেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ফাজিলপুর বাজার এলাকায় হঠাৎ মিছিলটি বের হয়। পরে মিছিলের ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে জাতীয় পতাকা হাতে শাহাদত হোসাইনকে মিছিলের সামনে দেখা যায়। তার পেছনে ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দেন।