ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ক্যাম্পাসে এলইডি স্ক্রিনে প্রদর্শনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।
শনিবার (১৩ জুন) দুপুরে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম. এ. ইয়াকুব আলীর কাছে জমা দেওয়া হয়। বর্তমানে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন।
শিক্ষার্থীদের জন্য খেলা উপভোগের সুযোগ তৈরি এবং ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার স্বার্থে এ দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চলমান ফিফা বিশ্বকাপ-২০২৬ ঘিরে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন। বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন হলেও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করায় সবার পক্ষে নিজস্ব ব্যবস্থায় খেলা দেখা সম্ভব হয় না।
এ অবস্থায় শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে ক্যাম্পাসের কোনো উপযুক্ত স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো প্রদর্শনের ব্যবস্থা গ্রহণকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।
স্মারকলিপি গ্রহণ করে উপ-উপাচার্য অধ্যাপক এম. এ. ইয়াকুব আলী বলেন, “আমি তোমাদের দাবিটি উপাচার্য মহোদয়ের কাছে উপস্থাপন করব। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই ছাত্রদলের এই যৌক্তিক দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ সময় শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সাব্বির ও রাফিজ উপস্থিত ছিলেন। এছাড়া উল্লাস মাহমুদ, রোকনুজ্জামান, সাক্ষরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।