মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ৪ জুলাই তেহরানে শুরু হবে। ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তার দাফনের মাধ্যমে শেষ হবে। শনিবার (১৩ জুন) রয়টার্স এ খবর জানিয়েছে।
ফেব্রুয়ারিতে ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন হামলায় খামেনি নিহত হন। তার মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বে থাকা তিন দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে।
এক দশক আগে ইসলামী বিপ্লবের নেতৃত্বদানকারী আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে খামেনি ইরানের নেতৃত্ব দেন।
পাহলভি রাজতন্ত্রের শাসনের অবসান ঘটানো বিপ্লবের পেছনের আদর্শিক শক্তি ছিলেন খোমেনি, আর খামেনি সামরিক ও আধাসামরিক কাঠামোকে গড়ে তুলেছিলেন।
তার উত্তরসূরি, পুত্র মোজতবা খামেনি, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে আসেননি।
চলতি মাসের শুরুতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় মোজতবা খামেনি আরো সক্রিয় ভূমিকা নিচ্ছেন বলে মনে হচ্ছে।