সারা বাংলা

মনিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

যশোরের মণিরামপুরে যশোর-চুকনগর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

শনিবার (১৩ মে) সকালে মণিরামপুর উপজেলার কুয়াদা-আট মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম হোসেন মণিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানিয়েছেন, মাহিম মোটরসাইকেলে করে মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। আট মাইল এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মণিরামপুর থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।