জাতীয়

নজরুল বর্ষ উপলক্ষে ১৮-২০ জুন দেশব্যাপী সাংস্কৃতিক আয়োজন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর অংশ হিসেবে আগামী ১৮ থেকে ২০ জুন দেশের ৬৪ জেলা এবং ৭৪টি প্রত্যন্ত ও বিশেষ উপজেলায় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠিত হবে।

রবিবার (১৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২৩ থেকে ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন।

তিনি জানান, নজরুল বর্ষকে কেন্দ্র করে ইতোমধ্যে জাতীয় কমিটি গঠন, বিশেষ লোগো ও পোস্টার তৈরি, ক্যালেন্ডার প্রকাশ এবং স্মারক ডাকটিকিট অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের অনুষ্ঠান বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, নজরুল বর্ষ শুধু আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কবির সাহিত্য, সংগীত, দর্শন ও চিন্তাধারা নিয়ে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক পরিসরেও নজরুলের সৃষ্টিকর্ম প্রচারের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সত্য, ন্যায়, সাম্য ও অসাম্প্রদায়িকতার যে চেতনা নজরুল ধারণ করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের যে আহ্বান তিনি জানিয়েছেন, তা বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে আছে।

মন্ত্রী দাবি করেন, অতীতে নজরুলের সাহিত্য ও অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। বর্তমান সরকার জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শনকে দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে।