সারা বাংলা

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

সুনামগঞ্জে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক বিল্লাল হোসেন আনুষ্ঠানিকভাবে নিজের প্রিয় দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন তিনি।

শনিবার (১৩ জুন) রাত ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় নিজ বাড়িতেই আর্জেন্টিনা দলের সমর্থন ছেড়ে ব্রাজিলের সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই ফুটবলভক্ত। এসময় উপস্থিত ছিলেন ওই এলাকার ব্রাজিল ভক্তরার।

দল বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি প্রথমে পবিত্র হতে দুধ দিয়ে গোসল করেন, এরপর সবার সামনে প্রকাশ্যেই আর্জেন্টিনার জার্সি খুলে গায়ে তোলেন ব্রাজিলের জার্সি।

এসময় বিল্লাল বলেন, “ব্রাজিল সবসময় দর্শকদের চমৎকার ও উপভোগ্য ফুটবল উপহার দেয়। কিন্তু আর্জেন্টিনা অনেক সময় বিতর্কের জন্ম দেয়। আর্জেন্টিনা এখন পর্যন্ত যে তিনটি বিশ্বকাপে জয় পেয়েছে তার মধ্যে দুটি বিতর্কিত ছিল। কিন্তু ব্রাজিলের কোনো কলঙ্ক নেই। তারা সব সময়ই সেরা খেলা উপহার দেয় তাই আমি আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থনে যোগ দিয়েছি।”

এসময় উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। ফুটবলপ্রেমীদের অনেকেই ঘটনাটিকে বিশ্বকাপ উন্মাদনার অংশ হিসেবে দেখছেন।

স্থানীয়দের ভাষ্য, এমন অভিনব ঘটন বিশ্বকাপের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। ফুটবল মাঠের লড়াইয়ের মতো সমর্থকদের এই হাসি-ঠাট্টাও বিশ্বকাপের অন্যতম সৌন্দর্য।

সুনামগঞ্জে বিশ্বকাপের আমেজ শুরু হয়েছে অনেক আগে থেকেই। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে পাল্লা দিয়ে চলছে পতাকা উত্তোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা। ইতিমধ্যে ব্রাজিল দলের প্রতি সমর্থন জানাতে শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন। তবে আর্জেন্টিনার সমর্থকদের শোডাউন বা মিছিল এখন পর্যন্ত দেখা না গেলেও, খুব শিগগির এমন কিছু হওয়ার গুঞ্জন রয়েছে।