স্বাস্থমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত স্বৈরাচার সরকার এবং অদক্ষ কেয়ারটেকার সরকার দেশে টিকা কার্যক্রম চালানোর জন্য কোনো স্টক রেখে যায়নি। বর্তমান সরকার পর্যাপ্ত পরিমাণে হামের ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধনের পাশাপাশি দেশের ১০ জেলায় সরকারি হাসপাতালে আইসিইও ইউনিটের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হামের পাশাপাশি বর্তমান সরকার ডেঙ্গুর মোকাবিলায় প্রস্তুত জানিয়ে মন্ত্রী আরো বলেন, সরকার সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। যার মধ্যে শুধুমাত্র নারীদের জন্য দেড় হাজার শয্যার ২টি বিশেষায়িত হাসপাতাল হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, নারীদের স্তন ও জরায়ু ক্যানসার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসার সুবিধাও থাকবে।
নিজেকে অর্থনীতির ছাত্র জানিয়ে মন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ দশমিক ২ পার্সেন্ট অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্যখাতকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে।
স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব সহ অনেকে।
এর আগে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।
হাসপাতালে প্রবেশের পর মন্ত্রী উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের নাম ধরে ডাকতে শুরু করেন। উপস্থিতি যাচাইয়ের সময় কয়েকজনের অনুপস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক অসঙ্গতি তার নজরে আসে। এ সময় তিনি হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা, রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন ও সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।