ক্যাম্পাস

রাবিতে শোডাউনে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজে মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন, আনন্দ র‍্যালি ও স্লোগানে সরগরম হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো জায়ান্ট স্ক্রিনে দেখানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

রবিবার (১৪ জুন) ভোর ৪টায় ব্রাজিল ও মরক্কোর ম্যাচ ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এবং শহীদ হবিবুর রহমান হল মাঠে উপচে পড়া ভিড় দেখা যায়।

রাবি ছাত্রদল ও রাকসুর উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হলে বিভিন্ন হল ও মেস থেকে শিক্ষার্থীরা দলে দলে সেখানে উপস্থিত হন। উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন তারা।

এর আগে ব্রাজিল সমর্থকরা প্যারিস রোড থেকে এবং আর্জেন্টিনা সমর্থকরা বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে পৃথক র‍্যালি বের করেন। পরে র‍্যালিগুলো ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক সমর্থক অংশ নেন।

র‍্যালিতে ব্রাজিল সমর্থকদের ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি, ব্রাজিলের ঘাঁটি’, ‘তুমি কে, আমি কে, ব্রাজিল, ব্রাজিল’ এবং ‘হেক্সার স্বপ্ন এবার পূরণ হবেই’ স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকরা ‘জিতবে কারা, আর্জেন্টিনা’ ও ‘রাবির মাটি, আর্জেন্টিনার ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দেন।

ব্রাজিল সমর্থক তাসনিয়া তিথি বলেন, “বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচকে ঘিরে আমাদের অনেক উচ্ছ্বাস। সেই আনন্দ থেকেই এই র‍্যালির আয়োজন। আশা করি এবার ব্রাজিলের হেক্সার স্বপ্ন পূরণ হবে।”

আরেক সমর্থক রফিকুল ইসলাম বলেন, “ব্রাজিলের প্রথম ম্যাচ উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। আশা করি এবার বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের হাতেই উঠবে।”

রাবি ব্রাজিল ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ বলেন, “প্রিয় দলের প্রথম ম্যাচকে স্বাগত জানাতেই এই আনন্দ র‍্যালি ও মিলনমেলার আয়োজন। ক্যাম্পাসজুড়ে এখন বিশ্বকাপের আমেজ। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলছে।”

অন্যদিকে, আর্জেন্টিনা সমর্থকদের দাবি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলই এবারো শিরোপা ধরে রাখবে। আর্জেন্টিনা সমর্থক মো. রাশেদুল ইসলাম বলেন, “আমরা আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা সবসময় দলগতভাবে খেলে এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। আশা করি, এবারো শিরোপা ধরে রাখতে পারব।”

বিশ্বকাপ ঘিরে ক্যাম্পাসজুড়ে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং নানা আয়োজন। তবে, প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর বিশ্বকাপের ম্যাচগুলো জায়ান্ট স্ক্রিনে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে রাকসু। রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, ব্রাজিল, আর্জেন্টিনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচ শহীদ হবিবুর রহমান হল মাঠে এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থাপনায় দেখানোর পরিকল্পনা রয়েছে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “শুরু থেকেই পুরো টুর্নামেন্টের খেলা দেখানোর পরিকল্পনা ছিল। তবে স্পনসরশিপ সংক্রান্ত জটিলতার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আপাতত রাকসুর তহবিল থেকে গ্রুপ পর্বের প্রায় ১৯টি ম্যাচ জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো ম্যাচ প্রদর্শনের চেষ্টা থাকবে।”

এই আয়োজনের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয় হতে পারে। প্রতিদিন খেলা প্রদর্শনে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হবে।

শিক্ষার্থীরা বলছেন, ঘোষণাটি আরো আগে এলে ভালো হতো। তবে শেষ পর্যন্ত তাদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে রাকসুর উদ্যোগ নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

সবমিলিয়ে বিশ্বকাপকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন ফুটবল উৎসবে মেতেছে। প্রিয় দলকে সমর্থন জানাতে র‍্যালি, স্লোগান, খেলা দেখা ও আড্ডায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস।