হলিউডের বহুল আলোচিত ও প্রতীক্ষিত ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’ সিনেমায় কয়েকজন নতুন তারকা অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন।
পরিচালক ম্যাট রিভস নিশ্চিত করেছেন, রবার্ট প্যাটিনসনের সঙ্গে এবার দেখা যাবে স্কারলেট জোহানসন, সেবাস্টিয়ান স্ট্যান, চার্লস ড্যান্স, ব্রায়ান টাইরি হেনরিসহ কয়েকজন তারকাকে। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একাধিক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন পরিচালক।
নতুন মুখের মধ্যে রয়েছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। তাকে স্বাগত জানিয়ে রিভস তার ২০১৩ সালের ‘আন্ডার দ্য স্কিন’ সিনেমার একটি ছবি পোস্ট করেন। একইভাবে ‘থান্ডারবোল্টস’খ্যাত অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানের নামও নিশ্চিত করেছেন এই নির্মাতা।
এছাড়া ‘গেম অব থ্রোনস’ তারকা চার্লস ড্যান্স, ‘জোকার’ ও ‘ইটারনালস’খ্যাত অভিনেতা ব্রায়ান টাইরি হেনরি এবং জার্মান অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন। পাশাপাশি জেইমি লসনকে দেখা যাবে মেয়র বেলা রাল এবং অফিসার মার্টিনেজ চরিত্র রূপায়ন করেছেন গিল পেরেজ-আব্রাহাম।
গত বছরের ডিসেম্বরে সিনেমাটিতে স্কারলেট জোহানসনের যুক্ত হওয়ার খবর প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারিতে সেবাস্টিয়ান স্ট্যানের সঙ্গে আলোচনার খবর সামনে আসে। ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, হার্ভে ডেন্ট চরিত্রে অভিনয় করবেন সেবাস্টিয়ান স্ট্যান। আর চার্লস ড্যান্সকে দেখা যেতে পারে হার্ভে ডেন্টের বাবা চার্লস ডেন্টের ভূমিকায়।
এর আগে ম্যাট রিভস ব্যাটমোবাইলের একটি টিজার প্রকাশ করেন। সেখানে ‘স্নো টায়ার্স’ লেখা ক্যাপশন থেকে ধারণা করা হচ্ছে, সিনেমাটির কিছু অংশ শীতকালীন প্রেক্ষাপটে নির্মিত হবে।
বর্তমানে যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। ব্রুস ওয়েন তথা ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। পাশাপাশি আগের সিনেমার মতো কলিন ফ্যারেল (ওজ কব/পেঙ্গুইন), জেফ্রি রাইট (কমিশনার জেমস গর্ডন) এবং অ্যান্ডি সার্কিস (আলফ্রেড পেনিওর্থ) নিজ নিজ চরিত্রে অভিনয় করবেন।
সিনেমাটির কাহিনি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ম্যাট রিভস জানিয়েছেন, এবার গল্পে ব্যাটম্যানের পাশাপাশি ব্রুস ওয়েন চরিত্রটিকেও বেশি গুরুত্ব দেওয়া হবে। তার ভাষ্য, প্রথম সিনেমাটি মূলত ব্যাটম্যানকে ঘিরে ছিল, কিন্তু নতুন কিস্তিতে মুখোশের আড়ালের মানুষটিকে আরো গভীরভাবে দেখানো হবে।
ম্যাট রিভস বলেন, “আগের ‘ব্যাটম্যান’ সিনেমায় উৎসকাহিনি পেরিয়ে খলচরিত্রদের ঘিরে গল্প এগিয়েছে। কিন্তু আমি চাইনি গল্পের কেন্দ্র থেকে রবার্ট প্যাটিনসনের চরিত্রটি সরে যাক। তাই নতুন সিনেমাতেও ব্রুস ওয়েনকে কেন্দ্রীয় অবস্থানেই রাখা হয়েছে।”
সবকিছু ঠিক থাকলে ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’ ২০২৭ সালের ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
*ভ্যারাইটি অবলম্বনে