জাতীয়

নারী এমপিদের পোশাক নিয়ে কটাক্ষের প্রতিবাদ করলেন নাহিদ

জাতীয় সংসদে বিরোধী দলের নারী সদস্যদের পোশাক নিয়ে এক সরকারদলীয় সংসদ সদস্যের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

তিনি অভিযোগ করেন, ওই বক্তব্য নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় অধিকার ও সংসদীয় শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি এ ধরনের মন্তব্যকে ‌‘অমার্জনীয়’ বলে অভিহিত করেন।

আজ রবিবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, বিরতির আগে একজন সরকারদলীয় সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে সংসদে অনাকাঙ্ক্ষিত পরিবেশ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্পিকার বিতর্কিত বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ায় তাকে ধন্যবাদ জানালেও বিষয়টি নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরার সুযোগ চান তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য তার বক্তব্যে বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছেন। ব্যক্তিগত সম্পর্ক বা অতীত ইতিহাসকে সংসদে টেনে এনে মন্তব্য করাকে তিনি সংসদীয় রীতিনীতির পরিপন্থী বলে উল্লেখ করেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় এবং এটি সংসদের মর্যাদাকে ক্ষুণ্ন করে। বিরোধীদলীয় চিফ হুইপ আরও অভিযোগ করেন, ওই সদস্য বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। তার ভাষায়, এসব বক্তব্য নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অধিকারের প্রতি অসম্মান প্রদর্শন করে।

নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের নিজস্ব বিশ্বাস অনুযায়ী চলার অধিকার রয়েছে। পোশাকের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, যা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।

তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্যে সংকীর্ণ ও বৈষম্যমূলক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। সংসদের মতো সর্বোচ্চ আইনসভায় এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যতে কোনো সংসদ সদস্য যেন নারী, ব্যক্তিগত জীবন বা ধর্মীয় বিশ্বাস নিয়ে অবমাননাকর মন্তব্য না করেন, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন নাহিদ ইসলাম।

বক্তব্যের শেষে তিনি সংসদের মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক সম্মান বজায় রাখতে সব সদস্যকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।