সারা বাংলা

শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘণ্টা বন্ধ যান চলাচল 

বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে শ্রমিকদের অবরোধের কারণে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

রবিবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে লাঙ্গলবন্ধ এলাকার ফেইম অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ সাধারণত প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করলেও চলতি মাসের ১৪ তারিখ পেরিয়ে গেলেও তারা বেতন পাননি। দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর দাবি আদায়ে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিক আসাদুর রহমান বলেন, “আমাদের উপার্জনের টাকায় বাসাভাড়া, দোকানের বাকি ও সন্তানদের লেখাপড়ার খরচ চলে। নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় আমরা আর্থিক সংকটে পড়েছি।”

শ্রমিকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে, প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ, প্রতি বছরের জানুয়ারিতে ছুটির ক্যালেন্ডার প্রদান, ওভারটাইমের হার বৃদ্ধি, নাইট বিল ৫০ টাকা নির্ধারণ, দুই ঈদে ৯ দিন করে ছুটি, ডাবল মেশিন পরিচালনার জন্য ১৭০ টাকা ভাতা, এককালীন সার্ভিস ভাতা প্রদান, বন্ধের দিনে ১৬ ঘণ্টা ডিউটি বন্ধ এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

ফেইম অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, “শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।”

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। চলতি মাসের বেতন এক-দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া, অন্যান্য দাবিও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”