বিমানমন্ত্রী আফরোজা খানম বলেছেন, জাপানের টোকিওর নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পুনরায় চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছে সরকার। তবে জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা নিরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় পূর্বনির্ধারিত ৩০ জুনের সময়সীমা পিছিয়ে গেছে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।
বিমানমন্ত্রী বলেন, “২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও জাপানের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং জনসম্পৃক্ত যোগাযোগ আরো জোরদার করার লক্ষ্যে রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।”
তিনি জানান, জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাধ্যতামূলক নিরাপত্তা মূল্যায়ন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪৫ দিনের সময় প্রয়োজন হচ্ছে। এ কারণে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সরকার আশাবাদী।
আফরোজা খানম বলেন, “বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভ্রমণকে আরো সহজ ও আরামদায়ক করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।” তিনি উল্লেখ করেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি যাত্রীদের আস্থা ও আগ্রহ বাড়ছে। মন্ত্রী আরো বলেন, “বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা যেন বিমানবন্দরে স্বস্তিদায়ক পরিবেশ পান এবং মাতৃভূমিতে ফেরার অনুভূতি উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ চলছে।”
তিনি জানান, দীর্ঘদিনের নানা সংকট কাটিয়ে দেশের বিমান খাতকে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি ইতিবাচক পরিবর্তনগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।