অর্থনীতি

‘ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে’

গ্রাহকদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

তিনি বলেছেন, ‘‘আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই। ব্যাংকের প্রতি আস্থা রেখে নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যান।’’ 

যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি। 

সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ জহির এ কথা বলেন।

এ সময় তার পাশেই বসে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হোসেনসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রসঙ্গে মোহাম্মদ জহির হোসেন বলেন, পাঁচজন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘‘এখানে সম্পূর্ণ নিরপেক্ষ লোক দিতে চাই, যারা এই ব্যাংককে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন। এজন্য যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। আশা করি, খুব শিগগির সুন্দর ও নিরপেক্ষ পর্ষদ আসবে।’’ 

বর্তমানে তিনি সীমিত সময়ের জন্য এক সদস্যবিশিষ্ট পর্ষদের দায়িত্ব পালন করছেন, যাতে ব্যাংকের কার্যক্রমে বিঘ্ন না ঘটে বলেও উল্লেখ করেন তিনি। 

এ সময় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরো ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ব্যাংকটি।

আলতাফ হোসেন বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকা পাওয়া গেছে। কিন্তু সেই অর্থের পুরোটাও এখনো ব্যবহার করতে হয়নি। যারা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন, তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রাখবেন বলেও বিশ্বাস করেন তিনি।