দীর্ঘ দিন প্রেম করার পর প্রিয় মানুষের সঙ্গে বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তী। গত ১২ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাগদান সারেন তারা। দিশানীর হবু বরের নাম মাইলস মান্টজারিস।
বাগদানের কয়েকটি ছবি দিশানী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সাগর পাড়ে মাদুর পাতা। তার ওপরে হাঁটু ভেঙে বিয়ের নিবেদন জানাচ্ছেন মাইলস। অন্য একটি ছবিতে উচ্ছ্বসিত দিশানী তার অনামিকায় থাকায় বাগদানের আংটি প্রদর্শন করেছেন। নেটিজেনদের পাশাপাশি দিশানীর পরিবারের সদস্যরাও তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
দিশানী চক্রবর্তী জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। দিশানীর হবু স্বামী মাইলস মান্টজারিস পেশায় স্টেডিক্যাম অপারেটর ও কালারিস্ট। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও প্রচারের আলো থেকে কিছুটা দূরে থাকতে পছন্দ করেন তিনি।
যোগিতা বালির সঙ্গে সংসার বেঁধেছেন মিঠুন চক্রবর্তী। এই দম্পতির তিন ছেলে ও একটি কন্যাসন্তান রয়েছে। দত্তক নেওয়া মেয়েটির নামই দিশানী। কলকাতার একটি ডাস্টবিনের পাশে একটি কন্যা শিশু পড়ে থাকতে দেখেন পথচারী। পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তারপর ওই শিশুকে রাখা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। সেখান থেকেই দত্তক নেন মিঠুন-যোগিতা।
দত্তক নিলেও দিশানীকে নিজের কন্যার মতো বড় করেছেন মিঠুন। তামিল নাড়ুর মোনার্ক ইন্টারন্যাশনাল স্কুলে পড়ালেখা করেছেন দিশানী। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয়ের ওপর পড়াশোনা করেন। এরই মধ্যে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রেও কাজ করেছেন দিশানী।