সারা বাংলা

ময়মনসিংহ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ঢাকা-ময়মনসিংহ আন্তঃজেলা মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।  ‎ ‎সোমবার (১৫ জুন) বেলা ১১টা থেকে শুরু হওয়ার উচ্ছেদ অভিযান চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে বাসস্ট্যান্ডের আশপাশের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা, ভাসমান দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রুকনোজ্জামান রোকনসহ সিটি কর্পোরেশনের কয়েকজন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হয়।   উচ্ছেদ চলাকালীন বুলডোজার দিয়ে বেশ কিছু স্থায়ী ও অস্থায়ী অবৈধ ঘর ও শেড ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও দূরপাল্লার যাত্রীরা।

নগরীরতে অবৈধ দখলদার উচ্ছেদ ও ফুটপাত মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন।