রাজনীতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে দেখা ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস সুসান রাইল।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) মি. হ্যারি থমসন এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) অ্যানা পিটারসন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরো অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধীদলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

বিরোধীদলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না মর্মে এ সময় অভিমত ব্যক্ত করা হয়। উভয়পক্ষ ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধীদলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন প্রসঙ্গটি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।

আলোচনার এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরো এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতা নিয়েও বৈঠকে মতবিনিময় করা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, মারজিয়া আক্তার এমপি, মারদিয়া মমতাজ এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।