জাতীয়

দিল্লিতে জাহেদকে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব

ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য, নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও ব‌টে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় য‌থোপযুক্ত ব্যবস্থা নি‌চ্ছে। আজ‌কের দিন শে‌ষে আমরা এ বিষ‌য়ে বিস্তারিত আপনা‌দের জানা‌ব।”

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুদিনব্যাপী বৈঠকে অংশ নিতে ভারত যাচ্ছিলেন ডা. জাহেদ উর রহমান। সফরের বিষয়টি আগেই কূটনৈতিকপত্রের (নোট ভারবাল) মাধ্যমে ভারতকে জানানো হয়েছিল এবং তাকে অভ্যর্থনা জানাতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তবে নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) নাম থাকার অজুহাতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কিছুক্ষণ আটকে রাখে।

কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে কূটনৈতিক পাসপোর্ট না থাকলেও সার্কের স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট ছিল। আটকে দেওয়ার কিছু সময় পর উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ভারতীয় কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও ততক্ষণে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সরাসরি ফ্লাইট না থাকায় কলম্বো হয়ে সোমবার বিকেলে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।