ক্যাম্পাস

নতুন বাজেটে সিকৃবি পেল ৮৯ কোটি ৮২ লাখ টাকা

দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পেয়েছে ৮৯ কোটি ৮২ লাখ টাকা। 

বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৭৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদিত বাজেটের মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব (পরিচালন) ব্যয় এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা। 

অন্যদিকে, সর্বনিম্ন বাজেট পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (৬৮ কোটি ৩৬ লাখ টাকা), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৬৫ কোটি ৯ লাখ টাকা), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (৬২ কোটি ৮৮ লাখ টাকা), বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (৫১ কোটি ৯৫ লাখ টাকা) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (১৩ কোটি ৩৫ লাখ টাকা)।