অস্বাভাবিকভাবে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। আর এ কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে। তবুও দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ স্থানে অবস্থান করছে সোনারগাঁও টেক্সটাইল।
সোমবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অস্বাভাবিক দর বৃদ্ধির এক পর্যায়ের মার্কেট চলাকালীন দুপুরের পর লেনদেন সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেয় স্টক এক্সচেঞ্জ।
স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়, শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দিনের অবশিষ্ট সময়ের জন্য সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।
বিনিয়োগকারীদের সঙ্গে আলাপকালে তারা জানায়, সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের মূল্য বৃদ্ধি কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম কিংবা মৌলভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অথচ অস্বাভাবিকভাবে বাড়ছে কোম্পানির শেয়ার দর। বিষয়টি খুবেই অস্বাভাবিক। কোম্পানির শেয়ারে কোনো কারসাজি হচ্ছে কিনা তা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের খতিয়ে দেখা উচিত।
তথ্য অনুযায়ী, গত ১০ মে কোম্পানির শেয়ারের দাম ছিল ৩৩ টাকা ৫০ পয়সা। মাত্র এক মাসের ব্যবধানে ৯ জুন তা বেড়ে দাঁড়ায় ৮৩ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দাম ১৬১ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত ৩ ও ৪ জুন সোনারগাঁও টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ডিএসই ও সিএসই। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যা শেয়ারের মূল্য বৃদ্ধি করতে পারে। এরপর আজও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় কোম্পানির শেয়ার দর। এক পর্যায়ে উভয় স্টক এক্সচেঞ্জ লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়।
এদিকে, লেনদেন সাময়িক স্থগিত হলেও দিন শেষে কোম্পানিটি লেনদেন বাড়ার তালিকায় শীর্ষ তালিকায় উঠে এসেছে। আজ ডিএসইতে কোম্পানির শেয়ার দর আগের কার্যদিবসের ৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
সোনারগাঁও টেক্সটাইল ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় । কোম্পানির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা।