সারা বাংলা

সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে এক নারীকে বাংলাদেশে পুশইনের (ঠেলে দেওয়া) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বিজিবি ও স্থানীয়দের বাধায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। পুশইনের চেষ্টা হওয়া ওই নারী সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৫ জুন) রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা পুশইনের চেষ্টা চালায়। বিএসএফ সদস্যরা একজন বেসামরিক মাঝির সহায়তা নিয়ে নৌকাযোগে নদীপথে ওই নারীকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে।  স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই নারীকে আটকে দেয় এবং তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেয়। পরবর্তীতে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা করা নারীকে সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠায়।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, রোকনপুর বিওপির ২২৫/৩-আর পিলার দিয়ে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা এক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।  বিজিবির টহলদল তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পুশইন ঠেকিয়েছে। ওই নারী সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 

গত শুক্রবার রাতে একই সীমান্ত দিয়ে নৌকাযোগে নারী-শিশুসহ ১৫ জনকে পুশইনের চেষ্টা করলে সেটিও বিজিবি প্রতিহত করে। এর আগে গত ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই ২৮ জন দুইদিন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করে। পরে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।