জাতীয়

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মহাখালী-তেজগাঁও লিঙ্ক রোডে যান চলাচল বন্ধ হয়ে আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতন ও অর্জিত ছুটির টাকাসহ মোট ৭ দফা দাবিতে নাসা গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তাদের অবস্থানের কারণে নাবিস্কো মোড়, গুলশান লিঙ্ক রোড ও মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।