ইরানের দিকে তাকিয়ে ছিল সাম্রাজ্যবাদ বিরোধী ফুটবল বিশ্ব। ইরানও তাদের হতাশ করেনি। লড়াই তো তাদের মজ্জাগত। সোমবার (১৬ জুন) উত্তেজনায় ঠাসা বিশ্বকাপ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইরান। তবে ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনায় ছিল রাজনীতি!
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের বাড়ানো বল থেকে বক্সের ভেতর থেকে ভলি শটে গোল করেন নিউজিল্যান্ডেরে এলিজা জাস্ট। ইরান সরকারের সমালোচক কিছু সমর্থক গোলটি উদযাপন করেন। তাদের অনেকের হাতেই ছিল ইরানের বিপ্লব পূর্ব 'লায়ন অ্যান্ড সান' পতাকা। ম্যাচ শুরুর আগে কেউ কেউ ইরানের জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনিও দেয় তারা। তবে ৭০ হাজারের বেশি দর্শকের বেশিরভাগই ছিল ইরানের পক্ষে। 'ইরান-ইরান' ধ্বনিতে মুখর হয়ে ওঠে গ্যালারি। আর ম্যাচের ৩০ মিনিটের কিছু পর রামিন রেজাইয়ানের সমতায় ফেরানো গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার প্রেক্ষাপটে ইরানের ঘরোয়া লিগ স্থগিত হয়ে যাওয়ায় ফেব্রুয়ারির পর থেকে ক্লাব ফুটবলে খেললনি রেজাইয়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও জুটি বাঁধেন উড ও জাস্ট। নিউজিল্যান্ড অধিনায়কের নিখুঁত পাস ধরে ২৬ বছর বয়সী জাস্ট জোরালো শটে গোল করে অল হোয়াইটসদের আবারও এগিয়ে দেন। তবে ১০ মিনিট পরই জবাব দেয় ইরান। রেজাইয়ানের নিখুঁত ক্রসে দূরের পোস্ট ঘেঁষে হেডে দুর্দান্ত গোল করেন মোহাম্মদ মোহেব্বি। তাতেই ২-২ সমতা ফেরে ম্যাচে।
এই ড্রয়ে 'জি' গ্রুপের সব দলেরই এখন ১ পয়েন্ট। এর আগে সোমবারই বেলজিয়াম ও মিসরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। বিশ্বকাপের মূল পর্বে তৃতীয়বারের মতো খেলা নিউজিল্যান্ড সাত ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি। অন্যদিকে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে খেলছে ইরান।
তবে ম্যাচ ছাপিয়ে ইরানি আর আমেরিকান সমর্থকদের মধ্যকার বিভক্তি চোখে পড়ার মতো ছিল! বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে ইরানকে দেখে সমর্থকরা যেমন গর্বিত, তেমনি দেশটির ভেতরের বিক্ষোভকারীদের বিরুদ্ধে তেহরানের দমন-পীড়ন নিয়েও একদল স্লোগান দিয়েছে। কিক-অফের আগে প্রায় ৫০০ বিক্ষোভকারী স্টেডিয়ামের বাইরে জড়ো হন। তারা ইরানের সরকারবিরোধী প্ল্যাকার্ড ও পতাকা বহন করেন।
আগামী রোববার (২১ জুন) লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। অন্যদিকে ভ্যাঙ্কুভার মিসরের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।