ক্যাম্পাস

ছাত্রত্ব শেষে হল ছাড়লেন জাকসু জিএস, সময় চাইলেন ভিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রত্বের মেয়াদ শেষ হওয়ায় প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে আবাসিক হল ছেড়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে হল ছাড়ার জন্য প্রশাসনের কাছে সাময়িক সময় চেয়েছেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট), রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদের প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী চূড়ান্ত পরীক্ষার সাত দিনের মধ্যেই তিনি আবাসিক হল ছেড়ে দিয়েছেন।” একইসঙ্গে তার কক্ষটি ইতোমধ্যে নতুন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একই দিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হল ত্যাগের ছবি সংবলিত একটি পোস্ট প্রকাশ করেন।

অন্যদিকে, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু জানান, সম্প্রতি দেশের বাইরে অবস্থান করায় হল ছাড়ার বিষয়ে তার কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। বাসা ভাড়া নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যেই তিনি হল ত্যাগ করবেন বলে সভায় আশ্বাস দেন।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “ছাত্রত্ব শেষ হওয়ার পর জাকসুর জিএস স্বউদ্যোগে হল ছেড়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। একইভাবে আগামী সাত দিনের মধ্যে ভিপিও হল ত্যাগ করে সেই নজির অনুসরণ করবেন বলে আমরা প্রত্যাশা করি।”

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “ছাত্রত্বের মেয়াদ শেষ হওয়ার পর কোনো শিক্ষার্থীর আবাসিক হলে থাকার সুযোগ নেই। সে হিসেবে জাকসু ভিপিরও দ্রুত হল ছেড়ে দেওয়া উচিত।”

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তেই হবে। রাজনৈতিক পরিচয় বা কোনো সাংগঠনিক পদ ব্যবহার করে হলে অবস্থান করার কোনো সুযোগ নেই। জাকসু ভিপির বিষয়ে আজকের আলোচনার ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।”

প্রসঙ্গত, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৪৭ তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮ তম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।