স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু এক, হাসপাতালে ভর্তি ১১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগের ২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী।