খেলাধুলা

সৌম্যকে নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর একদিন আগে সৌম্য সরকারকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। দলে একাধিক ওপেনার থাকলেও সৌম্যকে নেয়া হয়েছে ইনজুরির দূর্ভাবনার কারণে। বিকেলে দলের সঙ্গে যুক্ত হবেন সৌম্য।

চোটের কারণে লিটন দাস শেষ ওয়ানডেতে ঠিকঠাক ব্যাটিং করতে পারেননি। পরে নামেননি ফিল্ডিংয়ে। আজ চট্টগ্রামে অফিসিয়াল সংবাদ সম্মেলনে অবশ্য এসেছিলেন। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট।

এজন্য আগেভাগেই যুক্ত করা হয়েছে সৌম্যকে। শুধু লিটন নয়, জ্বরে আক্রান্ত হয়েছেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ মুহূর্তে কাউকে প্রয়োজন হলে যেন নিশ্চিন্ত থাকতে পারে সেজন্য সৌম্যকে যুক্ত করা হয়েছে।

সৌম্য ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ৪২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। কিন্তু তৃতীয় ওয়ানডেতে মাত্র ২ রানে বোল্ড হন। টি-টোয়েন্টি দলে ফেরা সৌম্য সবশেষ এই ফরম্যাট খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে।

নিজের খেলা সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে সৌম্য করেছিলেন ১১ রান। এরপর দল থেকে বাদ পড়েন। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৪৬২। গত বিপিএলেও বলার মতো কিছু তিনি করতে পারেননি। নোয়াখালি এক্সপ্রেসের হয়ে ৬ ইনিংস খেলে ফিফটি করতে পেরেছিলেন কেবল একটি।

আগামীকাল ১৭ জুন শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।