ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার সহধর্মিণী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৬ জুন) এনসিপির সংস্কৃতি সেলের যুগ্ম সদস্য সচিব ও সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত সোমবার রাতে কলকাতায় অবস্থানকালে মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই হেনস্থার শিকার হন। এনসিপির দাবি, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে থাকা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। একজন বরেণ্য শিল্পী ও তার পরিবারকে হেনস্থার এ ঘটনা শুধু ব্যক্তি মোশাররফ করিমের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় ও জাতীয় মর্যাদার ওপর আঘাত বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্বদের লক্ষ্য করে এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে পরাজিত অপশক্তি এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক শিষ্টাচার, জননিরাপত্তা ও আইনের শাসনের পরিপন্থী বলেও মন্তব্য করে দলটি।
এনসিপি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত চিহ্নিত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।