চট্টগ্রাম নগরীতে প্রিয় আর্জেন্টিনা দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের লালদিঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা লাগানোর কাজ করছিলেন রামহরি। এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যান। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।